বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

বাংলার চোখ নিউজ :

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর রাসেল (৩৬) নামের এক শ্রমিকদল নেতার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ভাঙা ঘরে মাটিচাপা অবস্থায় লাশটি পাওয়া যায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে রাসেলের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার রাতে রাসেলের শ্বশুরবাড়ির লোকজন লাশের দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফসহ পুলিশের একটি দল বুধবার রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায়।

রাসেল ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের পূর্বাঞ্চল শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক। তার ৭ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

জানা যায়, ৬ নভেম্বর স্ত্রী মুক্তা বেগমের ফোন পেয়ে রাসেল পাশের গ্রাম সানোখালীতে শ্বশুরবাড়ি যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে রাসেলের বাবা সিরাজুল ইসলাম ৭ নভেম্বর চাটখিল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

রাসেলের বাবা সিরাজুল ইসলামের দাবি, রাসেলকে তার শ্বশুর মনাসহ পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ মাটির নিচে পুঁতে রাখে। সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, থানা পুলিশ যথাসময়ে পদক্ষেপ নিলে তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করতে পারত।

স্থানীয়রা জানান, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী, শ্বশুর ও শাশুড়ি পালিয়ে যান।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা জানান, রাসেল শ্রমিকদলের নেতা ছিলেন। ফ্যাসিস্ট সরকারের সময়ে রাসেল বহু নির্যাতনের শিকার হয়েছিলেন।

স্থানীয় লোকজন জানান, রাসেলের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ ছিল। তার স্ত্রী দীর্ঘ সময় ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, রাসেলের লাশ বৃহস্পতিবার দুপুরে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

শেয়ার করুন