শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা বোর্ড: পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ

এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে ৬১ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। গত বছর ৬৪ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছিলেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন। এরপর এ ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

এবারের এইচএসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গত বার এইচএসসি ও সমমানে মোট পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। গত ৮ আগস্ট এ পরীক্ষা শেষ হয়। বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা পেছানো হয়। পরে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে গত ৯ সেপ্টেম্বর।

শেয়ার করুন