বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই মুশফিক

 বাংলার চোখ :

ব্যাটিং অনুশীলনের সময় মঙ্গলবার আঙুলে চোট পান মুশফিকুর রহিম। পরে জানা গিয়েছিল, চোট মোটেও গুরুতর নয়। কিন্তু রাত পোহাতেই দেখা গেলো ওই চোটের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।

মঙ্গলবার অনুশীলনে ডান হাতের তর্জনীতে চোট পান মুশফিক। তার চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ হোসেন জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হলেও ম্যাচের সকালে যথেষ্ট উন্নতি হয়নি তার। তবে পরের টেস্টের আগেই সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।

এক ভিডিও বার্তায় বায়েজিদ বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে। ’মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

শেয়ার করুন