দৈনিক বাংলার চোখ :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে তালা দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম জাহেদ চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দের সঙ্গে তার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে তালা দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম জাহেদ চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ বিন আখন্দের সঙ্গে তার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ইউএনও বায়েজিদ বিন আখন্দ। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ইউএনও বলেন, ভূমি অফিসে দুর্নীতি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে। তবে সরকারি কার্যালয়ে তালা দেওয়া কোনো সমাধান নয়।
অন্যদিকে, এটিএম জাহেদ চৌধুরীর অভিযোগ, ভূমি অফিসে দিনের পর দিন দুর্নীতি ও হয়রানি চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অফিসের কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন তিনি। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ইউএনও। এ সময় মং এছেনসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
ভূমি অফিসে তালা দেওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে এটিএম জাহেদ চৌধুরী বলেন, আমার বাবার নামে দীর্ঘদিনের একটি খতিয়ানের নামজারি বাতিল করে টাকার বিনিময়ে অন্যজনের নামে নামজারি করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এছাড়া ভূমি অফিসে দিনের পর দিন দুর্নীতি ও হয়রানি চলছে। এসবের প্রতিবাদেই ভূমি অফিসে তালা লাগিয়ে দেওয়ার কথা বলেছি।
অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, এ বিষয়ে ইউএনওর সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





