দৈনিক বাংলার চোখ :
ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে মায়ের মৃত্যুর খবরটি ঘিরে চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। একসময় ঢাকাই সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন পপি। বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।





