সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ থেকে ফেনী স্টেশনে থামবে ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেস

দৈনিক বাংলার চোখ :

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এখন থেকে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। নতুন এ যাত্রাবিরতি চালুর দিনে ট্রেনে করে ফেনী যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত ১টায় তার ফেনী স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। রোববার (২৪ অক্টোবর) প্রতিমন্ত্রীর একান্ত সচিব সুমন দাসের সই করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার রাত ৮টায় ঢাকার বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওয়ানা হবেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ৮টায় স্টেশনে পৌঁছে মহানগর এক্সপ্রেস ট্রেনে ফেনীর উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাত ১টায় ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে উপস্থিত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এসময় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক উপস্থিত থাকার কথা রয়েছে।

মতবিনিময় শেষে রাত আড়াইটায় ফেনী সার্কিট হাউজ অথবা ফুলগাজী ডাকবাংলোয় গিয়ে রাত্রিযাপন করবেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।

মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালুর খবরে স্থানীয় যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। তবে শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ২৬ ও ২৭ অক্টোবর ফেনী স্টেশন থেকে যাত্রার টিকিট আর পাওয়া যাচ্ছিল না বলে জানা গেছে।

শেয়ার করুন