বাংলার চোখ নিউজ :
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তিন শিল্পী এবার এক হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। শিল্পের মাধ্যমে স্মৃতি, ইতিহাস ও পরিবেশের পরিবর্তন তুলে ধরতে এক প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিন দেশের শিল্পী। এতে বাংলাদেশের সরকার প্রতিক, ভারতের রোহিণী দেবাশের এবং পাকিস্তানের শাহানা রাজানির শিল্পকর্ম স্থান পেয়েছে।
‘দ্য স্কাই হেল্ড ইট, দ্য আর্থ রিমেম্বার্ড’ শিরোনামের এ প্রদর্শনীটি আয়োজন করেছে দুবাইয়ের ইশারা আর্ট ফাউন্ডেশন, হান নেফকেন্স ফাউন্ডেশনের সহযোগিতায়। গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
প্রদর্শনীতে তিন শিল্পী ভিন্ন ভিন্ন বিষয় ও দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে স্মৃতি, প্রকৃতি এবং সময়ের পরিবর্তনকে তুলে ধরেছেন। তাদের শিল্পকর্মে উঠে এসেছে ডুবে যাওয়া গ্রাম, বদলে যাওয়া নগরজীবন এবং সূর্যের নানা বৈশিষ্ট্য, যা সাধারণ চোখে সহজে দেখা যায় না। পাকিস্তানের করাচিভিত্তিক শিল্পী শাহানা রাজানির ‘লাইনস দ্যাট ওয়ার্ল্ড আ রিভার’ শিরোনামের কাজটি প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। এতে সিন্ধু বদ্বীপের এমন কিছু জনপদের স্মৃতি তুলে ধরা হয়েছে, যেগুলো বাঁধ ও ব্যারাজ নির্মাণের ফলে পানির নিচে তলিয়ে গেছে। বাস্তুচ্যুত বাসিন্দারা ছবি এঁকে তাদের হারিয়ে যাওয়া গ্রাম, বাড়িঘর, নৌকা, খাল ও মাজারের স্মৃতি পুনর্গঠন করেছেন।
শিল্পকর্মটিতে এক গ্রামবাসীকে বলতে শোনা যায়, দেয়ালচিত্রগুলো দেখলে তার মনে হয়, তারা যেন ছবির ভেতরেই বাস করছেন। ভূমি আবার জীবন্ত হয়ে উঠেছে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে শিল্প কীভাবে হারিয়ে যাওয়া স্থান ও স্মৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ফিরিয়ে আনতে পারে, তা ফুটে উঠেছে।





