শনিবার, ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

লাল কার্ড দেখা বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

লাল কার্ড দেখলে সাধারণ নিয়ম হচ্ছে, এর পরের ম্যাচে খেলতে পারবেন না সেই ফুটবলার। সরাসরি লাল কার্ডের শাস্তি আরও বড়, ২ ম্যাচ নিষেধাজ্ঞা।

তবে এবারের বিশ্বকাপে সে নিয়মের তোয়াক্কা করছে না ফিফা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখলেও তার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংস্থাটি। এর ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন তিনি।

নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ফিফা জানায়, ‘এফডিসির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের স্বয়ংক্রিয় ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর করা এক বছরের প্রবেশনারি সময়ের জন্য স্থগিত রাখা হলো।’

সোমবার রাতে সিয়াটলে যুক্তরাষ্ট্রীয় সময় রাত আটটায় বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে নামবে তারা।

ইউএস সকারের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং খুশি যে ফোলারিন বালোগান আগামীকালের ম্যাচে খেলার যোগ্যতা পেয়েছেন।’

বুধবার শেষ বত্রিশের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে ৪৫ মিনিটে দলের প্রথম গোলটি করেছিলেন বালোগান নিজেই। কিন্তু ৬৪ মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের বিপক্ষে একটি বাজে ট্যাকলের কারণে তাকে লাল কার্ড দেখানো হয়।

শুক্রবার বালোগান বলেন, এই সিদ্ধান্তকে তিনি অন্যায্য মনে করেন। কারণ তিনি আর মুহারেমোভিচ দুজনেই তখন বলের জন্য লড়াই করছিলেন। তিনি বলেন, ‘আপনি যদি খেলাটা খেলে থাকেন, তাহলে বুঝবেন এমন কিছু পরিস্থিতি থাকে যা এড়ানো সম্ভব হয় না, আর পর্যালোচনার সময় সেটাকে প্রসঙ্গ ধরেই বিবেচনা করতে হয়।’

শেয়ার করুন