বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু অসৎ লোক সব সময় সুযোগ নেয়, সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না।
গত বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনা (বিধি-৬৮) এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘কেউ অসৎ হলে তাকে ছাড় দেওয়া উচিত নয়। আমি নিজেও যদি অসৎ হই, তাহলে আমাকে ছাড় দেবেন না। বরং জাতির স্বার্থে আরও বেশি করে ধরুন, এক্সপোজ করুন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না। এরা দলের সুযোগ নেয়।
ডা. শফিকুর রহমান বলেন, সংকটময় পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে। এদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। এরা সুবিধাবাদী—দল বিপদে পড়লে সবার আগে পালিয়ে যায়। তাই এ ধরনের সুযোগসন্ধানীদের কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে যে বক্তব্য দেওয়া হয় তা শুধু কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তাই প্রতিটি বক্তব্য হতে হবে তথ্যনির্ভর, সত্য ও ধারাবাহিক। আজ এক কথা, কাল আরেক কথা বললে জনগণ আমাদের ওপর আস্থা হারাবে।




