অপু দাস, স্টাফ রিপোর্টার , রাজশাহী।
রাজশাহীর মোহনপুর উপজেলায় সংঘটিত ভ্যানচালক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিএসসি ও মোহনপুর থানা পুলিশের যৌথ আভিযানিক দল। ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের পর দ্রুত তৎপরতা শুরু করে র্যাব-৫।
ঘটনার পরপরই আসামিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামি মো. মজিবর রহমান মোহনপুর থানার বেলগাছি পাঠক ক্লাব এলাকায় অবস্থান করছে।
এরপর ১০ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-৫ এবং মোহনপুর থানা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ঘটনার দিন ভোরে তিনি প্রতিদিনের মতো জীবিকার সন্ধানে ভ্যান নিয়ে বের হন। সকাল আনুমানিক ৮টার দিকে মজিবর রহমান ও তার সহযোগীরা তানোরের কালিগঞ্জ হাট এলাকা থেকে তার ভ্যানে ওঠে এবং মোহনপুরের বেলগাছি এলাকায় যায়।
পথিমধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সহিংস রূপ নেয় এবং আসামিরা আলমগীরকে ইট ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই আসামিরা এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





