সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ, মা–শিশুর মৃত্যু

শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ, মা–শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক নারী তার শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শুক্রবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে (আউটার সিগনাল এলাকায়) ঢাকা–ময়মনসিংহ রেলপথে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চিনাশুখানিয়া গ্রামের স্কুল শিক্ষক হরে কৃষ্ণের স্ত্রী মিতি রানী দাস (৩৫) ও তার তিন বছর বয়সী ছেলে রুদ্র দাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী শিশুকে নিয়ে রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এলে তিনি হঠাৎ শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। গুরুতর আহত শিশুকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে পারিবারিক বিষয়ে দেবরের সঙ্গে কথাকাটাকাটির জেরে অভিমানে তিনি এ ঘটনা ঘটাতে পারেন বলে জানান স্থানীয়রা।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতদের পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন