সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) কুড়িগ্রাম জেলার পাঁচ উপজেলার ৬টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করেন।
শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা ও ছিট পাইকেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া ও চর রাজিবপুর উপজেলার করাতি পাড়ায় এসব জামাত অনুষ্ঠিত হয়।
মুসল্লি আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল ও আব্দুল মজিদ বলেন, সৌদির সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা শেষ করেছি। আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করে খুব আনন্দ হচ্ছে।
জেলেপাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা ফুলবাড়ীতে ইমাম আবু হানিফার (রহ:) মতাদর্শ অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজার পর ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা জেলেপাড়া আহলে হাদিস জামে মসজিদের উঠানে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের ৬০ জন মানুষ একসঙ্গে ঈদের নামাজে অংশ নেন।
ভূরুঙ্গামারীতে পাইকের ছড়া গ্রামের কিশোর আবু বকর উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করে খুব ভাল লাগছে।
চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকার নামাজি জানে আলম বলেন, আমরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করছি।
ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করে ইমাম মো. আব্দুল মালেক জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে আমাদের ইমাম আবু হানিফা (রহ:) সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করতে নির্দেশনা দিয়েছেন। আজ এই জামাত আদায়ে ৬০ জন মুসল্লি উপস্থিত ছিলেন।





