বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শান্তি প্রতিষ্ঠার জন্যই ইরানের সঙ্গে যুদ্ধ: নেতানিয়াহু

শান্তি প্রতিষ্ঠার জন্যই ইরানের সঙ্গে যুদ্ধ: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলে দিতে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতায়িনাহু। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

দ্রুত ও সহজ অভিযানের প্রতিশ্রুতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কাকে গুরুত্ব দেননি নেতানিয়াহু।

তিনি বলেন, বর্তমান সংঘাত ভবিষ্যতে ইসরাইল ও অঞ্চলের আরও কয়েকটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার নতুন চুক্তির পথ তৈরি করতে পারে।

নেতানিয়াহু বলেন, ‘আমি ও ডেনাল্ড ট্রাম্প মিলে আব্রাহাম অ্যাকর্ডস এগিয়ে নিয়েছিলাম, যার মাধ্যমে চারটি আরব দেশের সঙ্গে চারটি শান্তি চুক্তি হয়েছিল। এখন ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে আমরা আরও অনেক, অনেক শান্তি চুক্তি করতে পারব।’

উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হলো ২০২০ সালে স্বাক্ষরিত একাধিক চুক্তি, যার মাধ্যমে কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

নেতানিয়াহু আরও বলেন, ‘এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়, বরং শান্তির একটি দ্বার। মানুষ যা বলছে, বিষয়টি তার সম্পূর্ণ বিপরীত।’

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

শেয়ার করুন