শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আবদুল্লাহ

ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ আল্টিমেটাম দেন তিনি।

নরসিংদীর ওই ঘটনায় বিএনপির এক নেতাকে দায়ী করে হাসনাত লিখেছেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএনপি নেতাও জড়িত। তিনি হলেন, মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান।

সংবাদমাধ্যমের বরাতে তিনি লিখেছেন, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে যান। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএনপি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপোসের নামে ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেননি। উল্টো মেয়েটির পরিবারকে এলাকা ছাড়তে বলেন।

হাসনাত লিখেছেন, এতে চাপে পড়ে বুধবার বিকালে কিশোরী মেয়েকে খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নিয়ে যায় নূরা। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়।

তিনি আরও লিখেছেন, পুলিশ মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেফতার করেছে। যা যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদের ধরতে হবে। স্বারাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ, খুনের মত জঘন্য অপরাধ কবে থামবে?

শেয়ার করুন