- ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ পানাম সিটি কে পরিষ্কার ও দৃষ্টিনন্দন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান।
এছাড়া পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক স্থাপনার আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার।
প্লাস্টিক বর্জ্য অপসারণ এবং দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হয়অংশগ্রহণকারীরা জানান, দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পানাম নগরীর সৌন্দর্য ও স্বকীয়তা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত জরুরি।সভাপতির বক্তব্যে ওসি মোঃ মাহবুবুর আলম বলেন,
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন কেন্দ্রের পরিবেশ সংরক্ষণেও টুরিস্ট পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। তিনি দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানান, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে এবং ঐতিহাসিক স্থাপনার ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে।বক্তারা আরও বলেন, পানাম সিটি শুধু সোনারগাঁওয়ের ঐতিহ্য নয় এটি সমগ্র দেশের গর্ব। তাই এর সংরক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।কর্মসূচি শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




