লা লিগার শীর্ষস্থানটা রিয়াল মাদ্রিদের হাতে তুলে দিল বার্সেলোনা। ঘটনাবহুল ম্যাচে জিরোনার কাছে ২-১ গোলে হেরেছে কোচ হানসি ফ্লিকের দল। আর তাতে লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে কাতালানরা।
ম্যাচের সবচেয়ে বড় ঘটনা, লামিন ইয়ামালের পেনাল্টি মিস। ম্যাচের প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সেলোনা। ইয়ামালের পাস থেকে দানি অলমো বক্সে পান বলটা, তাকে পেছন থেকে ফাউল করা হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোলরক্ষককে বোকা বানালেও শেষমেশ বলটা জালে জড়াতে পারেননি ইয়ামাল। তার পেনাল্টিটা গিয়ে প্রতিহত হয় বারপোস্ট থেকে।
৫৯ মিনিটে দুই ডিফেন্ডারের কল্যাণে ম্যাচে এগিয়ে যায় বার্সা। কুন্দের ক্রস থেকে হেডে গোল করেন পাউ কুবারসি। বার্সার হয়ে এটি তার প্রথম লিগ গোল।
তবে আনন্দ বেশিক্ষণ টেকেনি। দুই মিনিট পর সমতা ফেরায় জিরোনা। থমাস লেমার ভ্লাদিস্লাভ ভানাতের পাস থেকে গোল করেন। আরও ১০ মিনিট পর আবার বল জালে জড়ায় জিরোনা। ভিক্টর সিগানকভের হেড ঠিকমতো ধরতে পারেননি গার্সিয়া।
এই হারে লা লিগায় বার্সেলোনার টানা তিন ম্যাচের জয়যাত্রা থেমে গেল। তবে এই হার বার্সার জন্য এসেছে অশনিসংকেত হয়ে। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে দলটা, গত ১২ ফেব্রুয়ারি রাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরেছিল দলটা। এরপর জিরোনার কাছে এই হার বার্সাকে লিগেও ঠেলে দিয়েছে বিপদে।
পরের ম্যাচের আগে শীর্ষে ব্যবধান পাঁচ পয়েন্টও হতে পারে। শনিবার ওসাসুনার মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। আর রোববার লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সা।





