যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাওটাকেট শহরে একটি হাইস্কুল আইস হকি খেলায় বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। খবর আল জাজিরার।
পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এটি সম্ভবত লক্ষ্য করে করা হামলা। মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে।’ তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে প্রথম জরুরি কলটি পাওয়া যায়। তদন্তকারীরা এখনও হামলার আগে কী ঘটেছিল তা খতিয়ে দেখছেন।
সংবাদমাধ্যম প্রভিডেন্স জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডের মধ্যে দ্রুত প্রায় ১৩টি গুলির শব্দ শোনা যায়। এরপর প্রায় ১১ সেকেন্ড পর ক্যামেরার বাইরে থেকে আরও একটি গুলির শব্দ শোনা যায়।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দর্শক ও শিক্ষার্থীরা মেঝেতে শুয়ে পড়েন, আশ্রয় খুঁজতে থাকেন এবং পরে দ্রুত বের হওয়ার পথে দৌড়ে পালিয়ে যান।





