রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘হ্যান্ডশেক’ না করায় সঞ্জয়ের কাঠগড়ায় ভারত

‘হ্যান্ডশেক’ না করায় সঞ্জয়ের কাঠগড়ায় ভারত

সবশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। তিনবারের সাক্ষাতে একবারও হাত মেলাননি দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা।

অবশেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। বহু নাটকীয়তা আর জল ঘোলা শেষে অবশেষে মাঠে গড়ানোর অপেক্ষায় এই মহারণ। দুই দলের লড়াই মানেই উত্তাপ, উত্তেজনা, উৎকণ্ঠায় ভরপুর এক লড়াই।

ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার অবশ্য হ্যান্ডশেক নিয়ে ভারতীয় দলকেই কাঠগড়ায় তুলেছেন। এক্স পোস্টে সঞ্জয় লিখেছেন, ‘এই ‘হ্যান্ডশেক না করা’ খুবই ছোট একটি ব্যাপার যা ভারতই শুরু করেছে। আমাদের মত জাতির জন্য এটি অস্বাভাবিক ব্যাপার। হয় খেলার স্পিরিট ধরে রেখে খেলো, নয়তো একেবারেই খেলার দরকার নেই।’

তবে ভারতের আরেক সাবেক ক্রিকেটার হরভজন সিং হ্যান্ডশেক না করায় কোনো সমস্যা দেখছেন না। পিটিআইকে হরভজন বলেছেন, ‘এটা (হ্যান্ডশেক) পুরোপুরি খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভর করে। এটা কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে বা আলিঙ্গন করতে হবে। তাই কেবল ম্যাচটি খেলো, নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে খেলো। যদি মনে হয় যে, ম্যাচের পর হাত মেলানো দরকার বা আলিঙ্গন করা উচিত, সেটা ঠিক আছে। যদি আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের খেলোয়াড়দের কথা বলি, তারা ম্যাচের পর একসঙ্গে বসে। ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।’

১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান লড়াই।

শেয়ার করুন