শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

যশোরের চৌগাছা উপজেলার চারাবাড়ি বাজারে স্থানীয় এক বিএনপি নেতাকে জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে হামলার ঘটনা ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।  আহত মোহাম্মদ বাবু (৪৫) কে গুরুতর অবস্থায় তাকে প্রথম চৌগাছা হাসপাতলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

মোহাম্মদ বাবু চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে।

আহত মোহাম্মদ বাবু ও ফুলসারা ইউনিয়ন কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে মোহাম্মদ বাবু মোটর সাইকেলে রায়নগর বাজারে যান। ওইসময় রায়নগর গ্রামের জামায়াতকর্মী সাইফুল্লাহ তার সঙ্গী কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার, রহমানসহ ৭-৮ জন মোহাম্মদ বাবুর উপর অতর্কিত হামলা চালায় ও উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে সাইফুল্লাহ পেছন থেকে বাবুর পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

হামলার কারণ সম্পর্কে বাবু জানান, নির্বাচনে তিনি ছিলেন ধানের শীষের কর্মী। তাদের ভোটকেন্দ্রে রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িপাল্লা পাশ করতে না পারায় জামায়াত-শিবিরের লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়।

এ ব্যাপারে স্থানীয় জামায়াত জানায়, সকাল ১০টার দিকে বাজারে চায়ের দোকানে ওয়ার্ড জামায়াতের কর্মী হাফেজ বাহাউদ্দিন বসে ছিলেন। ওইসময় বিএনপি কর্মীরা তাকে মারধর শুরু করে। তাকে ঠেকাতে গিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রহিদুল খান বলেন, ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের কর্মীদের তর্কবিতর্কের জেরে আজকের এই ঘটনা ঘটেছে।

হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক  জানিয়েছেন, পিঠের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানকার ক্ষত বেশ গভীর।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, মারামারির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন