নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।
নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন যুগান্তর লাইভে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ এএম
ভোট দিলেন গোলাম পরওয়ার

খুলনা-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ভোট দিয়েছেন। তিনি আজ সকাল ৮টা নাগাদ এই আসনের আওতাধীন ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করে মিডিয়ার মুখোমুখি হন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম
ভোট দিলেন নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করছেন। তিনি আজ সকাল ৮টা নাগাদ বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ এএম
গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল
নির্বাচনের প্রথম প্রহরেই ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এরপর বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে।
তিনি এসময় আরও বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের পর, অনেক আত্মত্যাগের পর আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম
নাহিদ ইসলামের ভোট কেন্দ্র কোথায়?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করছেন। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এই প্রার্থী আসনটির অধীনে থাকা বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম
কোথায় ভোট দেবেন শফিকুর রহমান?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচন করছেন ঢাকা-১৫ সংসদীয় আসন থেকে। তিনি মিরপুর-২ নম্বর এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দেবেন বলে জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
ভোট দিলেন মির্জা ফখরুল

ভোট গ্রহণের প্রথম প্রহরেই ভোট দিতে হাজির হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম
তারেক রহমান ভোট দেবেন যেখানে
বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘ইনশাআল্লাহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোট দিবেন।





