শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কখন কোথায় ভোট দেবেন তারেক রহমান, জানাল বিএনপি

কখন কোথায় ভোট দেবেন তারেক রহমান, জানাল বিএনপি

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘ইনশাআল্লাহ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোট দিবেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়।

তারেক রহমানকে সমর্থন দেওয়া চার প্রার্থীর মধ্যে তিনজন স্বতন্ত্র। তারা হলেন- ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। এ ছাড়া ‘নিবন্ধিত’ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি সাবেক সংসদ সদস্য টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদও বিএনপির চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন।

তারা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ঢাকা-১৭ আসনের চার প্রার্থীর মধ্যে দুজন সশরীরে দেখা করতে এসেছিলেন। আর দুজন ঢাকায় নেই। তারা টেলিফোনে কথা বলেছেন। তারা তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।

বিএনএফ’র সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এই পর্যায়ে এসে আমি তারেক রহমানকে কেন সমর্থন করলাম, এর একটি মাত্র রাজনৈতিক কারণ- সেটি হচ্ছে, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। কারণ, আমাদের দেশের যে সাম্প্রদায়িক শক্তি এবং ’৭১-এর যে শক্তি, তারা এখন মাথাচাড়া দিয়ে উঠছে। নানা রকম চিন্তা-ভাবনা নিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারা ফিরে যেতে চায় ৫৪ বছর আগে। এজন্য আমি তারেক রহমানকে সমর্থন দিতে এসেছি।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ বলেন, আমি আজকে একটি স্লোগান সমর্থন করতে এসেছি, সেই স্লোগান হচ্ছে- ‘সবার আগে বাংলাদেশ’। ঢাকা-১৭ আসনের যারা আমাকে সমর্থন করেছেন এবং ভোট দেয়ার অঙ্গীকার করেছেন- তাদের উদ্দেশে আহ্বান জানাই, তারা ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হবে।

শেয়ার করুন