বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ে ছাই ৮ ব্যবসা প্রতিষ্ঠান

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় হায়দরগঞ্জ বাজারের মাছ বাজার গলিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কার্পেটের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে লক্ষ্মীপুর ও রায়পুর ফায়ার সার্ভিসের পৃথক দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়পুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জসিম উদ্দিন বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষ করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রত্যক্ষদর্শী ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন ও ব্যবসায়ী আবু ইউসুফ বলেন, আমরা তখন বাংলা বাজারে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে এসে দেখি আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও তরুণ যুবকরাও সহযোগিতা করেন।

শেয়ার করুন