রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে মাসুদ হালদারের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ। যার দাম হয়েছে ১০ হাজার টাকা! মঙ্গলবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাটের চর সিলিমপুর এলাকায় মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলে মাসুদ হালদার জানান, সোমবার রাতের দিকে পদ্মার নদীতে জাল ফেলে বসে থাকি। মঙ্গলবার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। তখন জাল তুলে দেখি বিশাল একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার মাছ বাজারের হালিম মিয়ার আড়তে নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান সেখের কাছে ৫ হাজার টাকা কেজি দরে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
এ বিষয়ে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ যুগান্তরকে বলেন, জেলে মাসুদ হালদার ইলিশ মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার হালিম মিয়ার আড়তে সকালে নিয়ে আসলে আমি ৫ হাজার টাকা কেজি দরে ২ কেজি ওজনের ইলিশ মাছটি মোট ১০ হাজার টাকায় কিনে নেই। পরে মোবাইল ফোনের মাধ্যমে চট্টগামের এক প্রবাসীর কাছে কেজিতে ৩শ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি।





