চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে বক্তারা বলেছেন, জান্নাতের টিকিট এখন আর বিক্রি হচ্ছে না, মানুষ জেনে গেছে ওই টিকিট একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে দান করবেন তিনিই হবেন এর মালিক, এতে কারো হাত নেই। তাই সকল ভেদাভেদ ভুলে ১২ তারিখ ধানের শীষকে বিজয় করতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব বক্তব্য দেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী বলেন, জামায়াত বেহেশতের টিকিট বিক্রির নামে ধোঁকাবাজি করছে, বেহেশত-দোজখ একমাত্র আল্লাহর হাতে।
তিনি আরও বলেন, বাঁশখালীর জনপ্রিয় সাংসদ, সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর স্মৃতি বিজড়িত বাঁশখালীর আপামর জনতা উনার সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
সভায় আরও বক্তব্য রাখেন, বাঁশখালী পৌরসভা সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিঞা ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, বিএনপি নেতা এডভোকেট ইফতেখার হোসেন মহসিন, এডভোকেট আবুল কাশেম, জেলা (পিপি) আবদুর রাজ্জাক, আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, মাস্টার লোকমান, রেজাউল হক চৌধুরী, ইব্রাহিম বিন খলিল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপির নবীন ও প্রবীণ নেতাকর্মী তাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে একই মঞ্চে উপস্থিতি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাঁশখালীর রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।





