মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকা থেকে গলায় তার পেঁচানো অবস্থায় ইমরান মোড়ল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধ্য বাঘড়া এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ইমরান স্থানীয় মানিক মোড়লের ছেলে। তার বাড়ি শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকার বেপারী বাড়িতে।
স্বজনরা জানান, ইমরান ওই ঘরে একাই বসবাস করতেন। তার পিতা একজন প্রবাসী। মা বোনের বাড়িতে থাকতেন এবং স্ত্রী ছিলেন পিত্রালয়ে। গত তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সন্ধ্যায় ইমরানের চাচা জহির মোড়ল বাড়িতে গিয়ে ঘরটি তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ঘরে ঢুকে গলায় মোবাইলের তার পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গলায় তার পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





