দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। একদিন আগেই দাম কমার পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভরিতে হাজার হাজার টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার নতুন দর ঘোষণা করেছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা। এতে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এই মূল্য শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা আগের তুলনায় ৭ হাজার ২৯০ টাকা বেশি। একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ২৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ শ্রেণির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়, যা আগের দরের চেয়ে ৫ হাজার ৭৪ টাকা বেশি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর ঠিক একদিন আগে শুক্রবার সকালে একই অঙ্কে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম নেমে আসে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায় এবং সেই দরেই শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত স্বর্ণ বিক্রি হয়। তবে ২৪ ঘণ্টা না যেতেই ফের আগের অবস্থানে ফিরে গেল বাজার।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা রয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০৭ টাকায়।
হঠাৎ এমন ওঠানামায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





