যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ
যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। অভিযানের সময় ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পড়ে থাকতে দেখা যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।





