শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয়।

সংগঠনটির দাবি অনুযায়ী, পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষে শতাধিক কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আপাতত সব ধরনের কর্মসূচি স্থগিত রেখে আহতদের চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের চিকিৎসা শেষে সংগঠনটি পুনরায় শান্তিপূর্ণভাবে রাজপথে নামবে। তবে সংঘর্ষে আহতদের প্রকৃত সংখ্যা ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন