সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলা গড়বে ইসলামী আন্দোলন

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল দেশকে কখনো সবুজ, কখনো ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফভিত্তিক ‘স্বর্ণের বাংলা’ প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামের আদর্শকে সামনে রেখে নির্বাচনে অংশ নিচ্ছে কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইসলামের পক্ষে ভোট দিতে হলে হাতপাখা প্রতীকের বাক্সে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, সৎ নেতৃত্ব ও নীতিনিষ্ঠ রাজনীতি ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সব মানুষের কল্যাণের জন্য প্রণীত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এমনকি একটি পিপীলিকার অধিকার রক্ষাও ইসলামের শিক্ষার অংশ—এটাই ইসলামের প্রকৃত সৌন্দর্য।

ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশের মানুষ বহুবার বিভিন্ন রাজনৈতিক দলের নীতি ও প্রতিশ্রুতি দেখেছে, কিন্তু বাস্তবে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তিনি দাবি করেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও অর্থপাচারের রাজনীতি বন্ধ করতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করতে হবে। গত পাঁচ দশকে বহু দল ক্ষমতায় এলেও এসব অনিয়ম বন্ধ হয়নি, যার ফলে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আর কোনো মায়ের কোল খালি দেখতে না চাইলে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে এবং একটি সত্যিকারের স্বর্ণের বাংলাদেশ গড়ে উঠবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা আকবার হোসাইন, মাদারীপুর-২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন