বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় নারীসহ দুজনকে কুপিয়ে জখম

কক্সবাজারে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় নারীসহ দুজনকে কুপিয়ে জখম

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় ইয়াবা বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ইয়াবা ব্যবসায়ীর হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন স্থানীয় পুলিন বড়ুয়ার ছেলে জয়সেন বড়ুয়া (৬৯) ও তার স্ত্রী চুমকী রানী দে।

আহতদের বরাতে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা স্থানীয় প্রিয়দর্শী বড়ুয়াকে এলাকায় ইয়াবা বিক্রি বন্ধ করার কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে এক ঘণ্টার মধ্যেই প্রিয়দর্শী বড়ুয়া তার সহযোগীদের নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় চুমকী রানী দের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত জয়সেন বড়ুয়া বাদী হয়ে প্রিয়দর্শী বড়ুয়াকে প্রধান আসামি করে আরও তিন-চারজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রিয়দর্শী বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে মোবাইল ফোন কেটে দেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন