ফরিদপুরের ভাঙ্গার মানিকদহ ইউনিয়নে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ক্রীড়া প্রতিযোগিতা অসম্পূর্ণ থেকে যায়, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। সংঘর্ষের কারণে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী তামিমকে মারপিট করার ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় মানিকদহ ও হামিরদী ইউনিয়নের কয়েক শত গ্রামবাসীর দুই পক্ষ মহাসড়কে নেমে আসে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল কবির জানান, সংঘর্ষের সময় শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার জন্য তাদের বিভিন্ন কক্ষে সরিয়ে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পরে পুলিশ গিয়ে সবাইকে উদ্ধার করে। ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের সামনের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, ‘অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মহাসড়কে সন্ধ্যার আগেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করেছে।’





