বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
নরসিংদীর রায়পুরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে লুৎফর নাহার (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি স্টেশনের পশ্চিম পাশে সাপমারা বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়পুরা লুৎফর নাহার উপজেলার মানিক ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী।

 

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, তিনি ভৈরব যাওয়ার উদ্দেশে দৌলতকান্দি স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন স্টেশনের অদূরে সাপমারা বাজার এলাকায় প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে ওই রেললাইন পার হওয়ার সময় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, ট্রেনের নিচে পড়ে নাহারের মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়।

ভয়ে কেউ তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেননি। পরে রেললাইন থেকে শরীরের বিচ্ছিন্ন অংশসহ মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিহতের স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে যান। 

পারিবারিক সূত্রে জানা যায়, ‘আজ সকালে অটোরিকশাযোগে ব্যক্তিগত কাজে সাপমারা বাজারে যান লুৎফর নাহার।

বাজারের মাঝ দিয়ে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ চলে গেছে। গাড়ি থেকে নেমে ডিম কিনতে রেললাইনের ওপারে যাওয়ার সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।’ 

নিহতের দেবর জাকির ভূঁইয়া বলেন, ‘গাড়ি থেকে নেমে ডিম কিনতে দোকানের দিকে যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিলেন। তখনই ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন