যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ
যশোর সদর উপজেলার হৈবতপুরে নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবা ও মাকে বটি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে ছোট ছেলে সদ্দাম হোসেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে হৈবতপুর ইউনিয়নের সাতমাইল-হৈবতপুর রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওই এলাকার মৃত আহম্মদ আলী মন্ডলের ছেলে আছির উদ্দিন এবং তার স্ত্রী রোকেয়া বেগম। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সে তার বাবা-মায়ের কাছে নেশার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সদ্দাম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বটি নিয়ে তাদের ওপর চড়াও হয়। সে তার বাবা ও মাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। বিশেষ করে উভয়ের বাম হাতে বটির গুরুতর আঘাত লেগেছে। এছাড়া লাঠি দিয়ে পিটিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করা হয়।
তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আছির উদ্দিন ও রোকেয়া বেগমকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিমদ্বয় বর্তমানে পুরুষ সার্জারি ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক না হলেও ক্ষত বেশ গভীর।
ঘটনার পর থেকে অভিযুক্ত সদ্দাম হোসেন পলাতক রয়েছে।





