মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: 
সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে স্থাপিত একটি হাত ধোয়ার বেসিন দেওয়ালসহ ধ্বসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার এ দুর্ঘটনার পর ঘটনাস্থল এবং আহত শিশুকে দেখতে জেলা সদর হাসপাতালে যান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। এ সময় তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক নিহত ও আহত শিশুদের পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। কীভাবে বেসিনটি ধসে পড়লো, এতে কোনো গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনসাধারণের ব্যবহৃত স্থাপনাগুলোর মান ও নিরাপত্তা বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শেয়ার করুন