কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সৈকতে স্থানীয় বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরনে নীল রঙের পুল হাতা টি–শার্ট ও প্যান্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





