বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে জমি বিরোধে রক্তাক্ত সংঘর্ষ: নিহত রফিকুল যুবদলের শ্রম বিষয় সম্পাদক

যশোরে জমি বিরোধে রক্তাক্ত সংঘর্ষ: নিহত রফিকুল যুবদলের শ্রম বিষয় সম্পাদক
যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেন:
যশোরে জমিসংক্রান্ত বিরোধে মঙ্গলবার (২০ জানুয়ারি) চৌগাছা উপজেলার শলুয়া কলেজের সামনে রফিকুল ইসলাম (৪৫) নামে যুবদলের এক কার্যকরী নেতা এবং মুদি দোকানদারকে হত্যার ঘটনা ঘটে। হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫) স্থানীয় গ্রামবাসীর হাতে গণপিটুনিতে নিহত হয়।
নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। তিনি শুধু একজন মুদি দোকানদারই ছিলেন না, তিনি যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ও পলাশের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
ঘটনার দিন বিকেলে রফিকুল ইসলাম বাইসাইকেলযোগে দোকানে যাওয়ার পথে শলুয়া কলেজের সামনে পৌঁছালে পলাশ পূর্বশত্রুতার জেরে তার ওপর আচমকাই হামলা চালায়। ধারালো হাসুয়া দিয়ে মাথা ও মুখমণ্ডলে কোপ দেওয়া হয়, যা গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হিসেবে ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় যাওয়ার পথে নড়াইল এলাকায় তিনি মারা যান।
রফিকুলের হত্যার খবর পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা হামলাকারী পলাশকে ধরে বেধড়ক মারপিট করে। পরে পুলিশ আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন