হাটহাজারী প্রতিনিধি :
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে আটশত পঞ্চাশ মিটার (৫টি) অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলা মৎস্য অফিস অভিযানে জাল জব্দের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সন্ধ্যা থেকে দিবাগত রাত ২ টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো.শওকত আলীর নেতৃত্বে এবং হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী ও তার সংগীয় ফোর্স, হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ ও হোসাইনের সহযোগিতায় নদীর রামদাসহাট থেকে অভিযান শুরু করে সত্তারঘাট, মাছুয়াগোনা ও কেরামতলী পর্যন্ত বিভিন্ন অংশে অভিযান চালালে অপরাধীরা দ্রুত সটকে পড়ে। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় লক্ষাধীক টাকা এবং উদ্ধার করা অবৈধ চরঘেরা জালগুলো শুকানোর পর হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশের সহযোগিতায় স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.শওকত আলী রবিবার দুপুরের দিকে এ প্রতিবেদককে জানান, হালদা নদীর সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





