শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় উদারপন্থি ব্যবস্থার বাস্তবায়নের সুযোগ এসছে: ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশের জন্য সত্যিকার অর্থেই একটি উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টির সুযোগ এসেছে। তিনি বলেন, “একটি কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। সমগ্র দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। তার উপস্থিতি জাতিকে অনেক বেশি আশাবাদী করেছে। এজন্য এবার সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।”

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরাটন হোটেলে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি স্বাগত বক্তব্যে এসব কথা বলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্যের শুরুতে ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত খালেদা জিয়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “খালেদা জিয়া সারাজীবন বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছে। তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, জাগো নিউজ সম্পাদক জিয়াউল হক, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ।

সদর কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া আয়োজন করা হয়।

শেয়ার করুন