ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার ঘটনার মূল হোতা ইমাম ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ডিএমপি সহযোগিতায় তাকে আটক করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ১৮ ডিসেম্বর রাতে ভালুকার পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে জনতা জড়ো করার পেছনের মূল নেপথ্য চরিত্র ছিলেন ইয়াছিন। জনতাকে ধর্ম অবমাননার উসকানিতে উজ্জীবিত করে দীপুকে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়। এরপর ইয়াছিন দেহটিকে দড়ি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যায় এবং সেখানে গাছে বেঁধে মরদেহ পোড়ানোর নেতৃত্ব দেয়। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।





