আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করেছি যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়।”
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, “বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রচুর প্রার্থী থাকে। অনেকের প্রত্যাশা থাকে যে তারা মনোনয়ন পাবেন, কিন্তু সব প্রার্থীর প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। বৃহত্তর স্বার্থের কারণে আমাদের অনেক যোগ্য প্রার্থীকেও মনোনয়ন বঞ্চিত হতে হয়। তাই কিছু প্রার্থীর সঙ্গে আলাপ ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি শিগগিরই বিষয়টি মীমাংসিত হবে।”
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলে যে সফর করছেন, তা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন নয়। “শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা সামনে তুলে ধরতেই তারেক রহমান সেখানে গেছেন। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় এখানে নেই। আমরা সবাইকে অনুরোধ করব, ২০২৪ সালের অভ্যুত্থানকে যেন প্রশ্নবিদ্ধ করা না হয়। শহীদদের আত্মত্যাগকে জাতীয় পর্যায়ে মহিমান্বিত করতে হবে। আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে তারেক রহমান যদি শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান, তবে এটি পুরো অভ্যুত্থান ও জাতির প্রত্যাশাকে প্রতিফলিত করবে।”





