রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে শীতের তীব্রতায় স্তব্ধ জনজীবন  

তীব্র শীতে মৌলভীবাজারের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েক বছরের তুলনায় এবার শীতের তীব্রতা অনেক বেশি। দিন-রাত ঘন কুয়াশায় ঢাকা থাকায় সূর্যকে দেখা মিলছে খুব কম সময়। বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, এর আগে বুধবার তা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি। আরও কয়েকদিন এই তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে।

শীতের তীব্রতায় মৌলভীবাজারের নিম্ন আয়ের মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছেন। ঘন কুয়াশা ও হালকা বাতাসের কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। ঠান্ডাজনিত অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে শিশু ও বয়স্করা শীতের তীব্রতায় বেশি আক্রান্ত হচ্ছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আজকের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। এ মৌসুমে এর থেকে কম তাপমাত্রা কখনও দেখা যায়নি। তিনি আরও জানান, আগামী কয়েকদিনও তাপমাত্রা একই রকম থাকবে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকবে।

এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা সাধারণ মানুষকে শীত থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন