মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের প্রসঙ্গ তুলেন। একই সঙ্গে তিনি মাদুরোর বিরুদ্ধে নানা অভিযোগ করেন এবং ব্যঙ্গ করে বলেন, মাদুরো তার নাচের ভঙ্গিও নকল করতেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের এই বক্তব্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের প্রেক্ষিতে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি প্রকাশ্যে উপেক্ষা করে মাদুরোর নাচানাচি হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে ধরা পড়ে। এতে কর্মকর্তারা মনে করেন, ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
ওয়াশিংটনের কেনেডি আর্টস সেন্টারে ট্রাম্প বলেন, “তিনি মঞ্চে উঠে আমার নাচ একটু নকল করার চেষ্টা করতেন। তবে তিনি সহিংস লোক। লাখ লাখ মানুষকে হত্যা করেছেন, নির্যাতন চালিয়েছেন। কারাকাসে তাদের একটি নির্যাতনকক্ষ আছে, যেটা তারা এখন বন্ধ করে দিচ্ছেন।” তবে ট্রাম্প ওই নির্যাতনকক্ষ সম্পর্কিত কোনো বিস্তারিত তথ্য দেননি।
তিনি মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র কীভাবে ‘চালাবে’ সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি। ২০২৫ সালের শেষ দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জড়ো হলে, বামপন্থী নেতা মাদুরো নিয়মিত মঞ্চে ‘নো ওয়ার, ইয়েস পিস’ স্লোগানের সঙ্গে নাচতে দেখা যেত। ট্রাম্প নিজে তার সমাবেশগুলোতে ‘ওয়াইএমসিএ’ ডিস্কো গানে নাচতেন।
শনিবার মাদুরো ও তার স্ত্রীকে আটক করার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে প্রশংসা করে ট্রাম্প বলেন, সেটি ছিল ‘চমৎকার’। তবে তার বক্তব্যের বড় অংশ ছিল ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি ঘিরে।
৭৯ বছর বয়সী ট্রাম্প কংগ্রেস নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নির্ধারণকারী নভেম্বরের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে নিজের নীতিগত অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি, তার নাচ ও অন্যান্য ভঙ্গির প্রসঙ্গেও ফিরে যান। তিনি জানান, স্ত্রী মেলানিয়া ট্রাম্প তার নাচ পছন্দ করেন না।





