ব্যাপক ও ভারী তুষারপাতের কারণে ইউরোপজুড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বিভিন্ন দেশে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ফ্রান্সের, আর একজন দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী সারায়েভোতে।
ফ্রান্সে নিহতদের মৃত্যুর কারণ সড়কের ওপর জমা বরফে গাড়ির চাকা পিছলে যাওয়াজনিত দুর্ঘটনা। বসনিয়ার সারায়েভোতে নিহত ব্যক্তি গাড়ির ওপর গাছ উপড়ে পড়ার কারণে প্রাণ হারান। তুষারপাতের সঙ্গে বলকান অঞ্চলের অন্যান্য দেশে ভারী বর্ষণও চলছে।
ফ্রান্সের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সামনের কয়েক দিন তুষারপাত অব্যাহত থাকবে। নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফ্রান্সের মূল ভূখণ্ডের মোট ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে তুষারপাতজনিত কমলা সতর্ক সংকেত জারি করা হয়েছে।
তুষারপাতের প্রভাবে ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রধান বিমানবন্দর রোইসি-চার্লস ডি গাউল্লে মঙ্গলবার ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। একই কারণে নেদারল্যান্ডসের আমস্টারডামের প্রধান বিমানবন্দর শিফোল এয়ারপোর্টেও ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। বাতিলের ফলে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।
স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার উদ্দেশ্যে শিফোল বিমানবন্দরে আসেন। তবে তিনি কয়েক হাজার যাত্রীর সঙ্গে আটকা পড়েন। রয়টার্সকে জাভিয়ের জানিয়েছেন, বিমানবন্দরে যাত্রীদের উদ্বেগের কারণে কোলাহলপূর্ণ, হতাশাজনক এবং বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সূত্র : বিবিসি





