সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেখানো হলো জিয়াউল আহসানকে

দুর্নীতির মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৭ জানুয়ারি) ‘জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ’ ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকার সম্পদ অর্জনের মামলায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আদালত তার আইনজীবীদের সঙ্গে কথা বলার অনুমতি দেন সকাল ১২টা ১০ মিনিটে। এ সময় জিয়াউল আহসানের বোন ও আইনজীবী অ্যাডভোকেট নাজনীন নাহার উপস্থিত ছিলেন। যদিও এদিন জামিন আবেদন করা হয়নি, তবে ওকালতনামা দাখিল করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ১৫ আগস্ট ঢাকার খিলক্ষেত এলাকা থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর গভীর রাতে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তিনি বিভিন্ন মামলায় গ্রেফতার থাকেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও জড়িত।

গত ২৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন ‘জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ’ ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রী নুসরাত জাহানকেও আসামি করা হয়।

বিভিন্ন মামলায় কারাগারে থাকা জিয়াউল আহসানকে ২১ ডিসেম্বর দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত বুধবার তার উপস্থিতিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়ে কারাগারে পাঠায়।

মামলায় বলা হয়েছে, বরখাস্ত এই সেনা কর্মকর্তা নিজের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৪২ টাকা অর্জন করেছেন। পাশাপাশি গাইডলাইন অব ফরেন এক্সচেঞ্জ ট্রান্সজেকশন-২০১৮ ও ২০২০ সালের এফইপিডি সার্কুলার-৬ অনুযায়ী অনুমোদিত সীমা লঙ্ঘন করে নিজের ব্যাংক হিসাবে ৫৫ হাজার মার্কিন ডলার জমা করেছেন।

তাঁর স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। এছাড়া নিজের নামে ৮টি সক্রিয় ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হওয়ায় নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, দণ্ডবিধি, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন।

শেয়ার করুন