ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৫৩টি হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সিআইডি পুলিশের পক্ষে এসআই আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে টাকা বাজেয়াপ্তের আবেদন করেন।
আবেদনে বলা হয়, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং বিষয়ে অনুসন্ধান চলছে। প্রাথমিক অনুসন্ধানে এসব হিসাবের লেনদেন যথেষ্ট সন্দেহজনক পাওয়া গেছে।
এছাড়া অভিযোগে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে খুন, সন্ত্রাস ও সন্ত্রাসে অর্থ যোগান এবং সংঘবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এই সব কার্যকলাপ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) অনুযায়ী অবরুদ্ধকরণ এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের জন্য যথাযথ বলে আদালত উল্লেখ করেছে। আদালতের নোটিশে বলা হয়েছে, অন্যথায় অভিযোগ নিষ্পত্তির আগেই হিসাবগুলোর স্থিত অর্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।





