বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলায় সফর করবেন। এই সফর ১১ জানুয়ারি শুরু হয়ে ১৪ জানুয়ারি শেষ হবে। সফরের নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে এই সফর আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনি আচরণবিধি পুরোপুরি মেনে চলবেন এবং কোনোভাবেই তা লঙ্ঘন করবেন না।
সফরের প্রথম দিন, ১১ জানুয়ারি, ঢাকায় কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বগুড়ায় পৌঁছাবেন।
দ্বিতীয় দিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করারও কর্মসূচি রয়েছে।
তৃতীয় দিন, ১৩ জানুয়ারি, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন এবং এরপর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়া তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন তিনি।





