শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আরও পাঁচ দিন তীব্র শীতের কবলে দেশ

সারা দেশে জেঁকে বসা তীব্র শীত আরও অন্তত পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের ১০টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং এটি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি সারাদেশেই হাড়কাঁপানো শীতের অনুভূতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে কুয়াশা নিয়ে বিশেষ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

তাপমাত্রার প্রবণতা সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ ও আগামীকাল রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ৮ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা আবারও কিছুটা কমতে শুরু করবে। ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তারা।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শেয়ার করুন