মোঃ জুম্মান হোসেন (যশোর):
যশোরের ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকে করে যাওয়ার সময় মাথা ঘুরে নিচে পড়ে রেহেনা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বেজি তলার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা খাতুন উপজেলার পানিসাড়া ইউনিয়নের বামন আলী সাইম পাড়া গ্রামের মোজাম গাজীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রেহেনা খাতুন তাঁর স্বামীর সঙ্গে ইজিবাইকযোগে পানিসাড়া ইউনিয়নের বল্লা গ্রামে নানির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঝিকরগাছা থানার বেজি তলার মোড় নামক স্থানে পৌঁছালে তিনি হঠাৎ মাথা ঘুরে চলন্ত ইজিবাইক থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
তাৎক্ষণিকভাবে তাঁর স্বামী মোজাম গাজী তাঁকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, ওই নারী ইজিবাইকে থাকা অবস্থায় অসুস্থ বোধ করায় নিচে পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে রেহেনা খাতুনের আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।





