কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই রিঅ্যাকশন ও মন্তব্যে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ‘অ্যাংরি’ ও ‘হাহা’ রিঅ্যাকশন হঠাৎ বেড়ে গেছে। এই সময়কালে ফলোয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। শেষ ৪৮ ঘণ্টায় প্রায় ১০ লাখ ফলোয়ার হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পেজ।
এই প্রবণতা শুরু হয় মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনা এই বাঁহাতি টাইগার পেসারকে বাদ দেওয়ার পর কলকাতার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮০ লাখ থেকে কমে ১ কোটি ৭০ লাখে নেমেছে। এর অর্থ, প্রতিদিন প্রায় ৫ লাখ ফলোয়ার পেজ থেকে সরছেন, যা প্রতি মিনিটে ৩৪৭ এবং প্রতি সেকেন্ডে ৫ ফলোয়ার হারাচ্ছে।
মোস্তাফিজকে বাদ দেওয়ার সঙ্গে সম্পর্কিত পোস্টে ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ‘অ্যাংরি’ এবং প্রায় ৪০ হাজার ‘হাহা’। মন্তব্যের সংখ্যা ৬০ হাজারের বেশি, যেখানে মূলত বিসিসিআই, আইপিএল ও ভারতের প্রতি ক্রোধ প্রকাশ করা হয়েছে।
মোস্তাফিজের দলবদল সংক্রান্ত এই বিতর্কের পর কলকাতার পেজে আরও ৯টি পোস্ট করা হয়েছে, যেগুলোতে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজ, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিনের খবর ছিল। এসব পোস্টেও রিঅ্যাকশন ও নেতিবাচক মন্তব্যের সংখ্যা উল্লেখযোগ্য।
মোস্তাফিজ আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন—সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। আইপিএলে ৬০ ম্যাচে তিনি ৬৫ উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট ৮.১৩। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছে। তবে এবার রাজনৈতিক কারণে মোস্তাফিজ আইপিএলে অংশ নিতে পারছেন না।





