শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুয়াদের নির্বাচনি তহবিলে ২৫ ঘণ্টায় কত টাকা জমা হয়েছে?

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি তহবিলে মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা সংগ্রহ হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতের দিকে ফেসবুক লাইভে নিজ পেজে গিয়ে এই তথ্য জানান ব্যারিস্টার ফুয়াদ। তিনি জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা জমা হয়েছে। এছাড়া তার ব্যাংক হিসাবেও ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা এসেছে। সঙ্গে কার্যালয়ে একজন সাংবাদিক নির্বাচনি তহবিল হিসেবে ২ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত ২৫ ঘণ্টায় মোট ২১ লাখ ৯৫ হাজার টাকা নির্বাচনি তহবিলে এসেছে।

নির্বাচনি তহবিলে সহায়তার জন্য ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ সতর্ক করেছেন, অনেকে তার ভিডিও কপি করে অন্য পেজে প্রচার করছে। তিনি জানিয়েছেন, এই ধরনের ফেক পেজে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান, তারা যেন শুধুমাত্র তার নিজ ফেসবুক পেজ বা আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠান।

এবি পার্টির এই নেতা আরও জানিয়েছেন, নগদ, বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব, পাশাপাশি কোন খাতে কত ব্যয় হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।

এর আগে, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ব্যারিস্টার ফুয়াদ ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেই সময় তিনি নিজের বিকাশ নম্বর ও ব্যাংক হিসাবের তথ্যও ফেসবুকে প্রকাশ করেন।

শেয়ার করুন